নিজস্ব সংবাদদাতা, ১৬ জানুয়ারী :
করোনা ভাইরাসের পর এবার নীপা ভাইরাস নিয়ে দেশে নতুন করে বাড়ছে উদ্বেগ। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য দফতর থেকে জানা গিয়েছে, নীপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি অত্যন্ত বেশি। এরফলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
নীপা ভাইরাস মূলত ফলখেকো বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাদুড়ের লালা বা মূত্র দিয়ে দূষিত ফল অথবা কাঁচা খেজুরের রস পান করলে মানুষের সংক্রমণ ঘটতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি বা সংক্রমিত প্রাণীর সংস্পর্শে এলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা বেশি। সংক্রমণের প্রথমদিকে জ্বর, মাথাব্যথা, বমি ও দুর্বলতার মতো সাধারণ উপসর্গ দেখা দিলেও পরে তা মারাত্মক রূপ নিয়ে মস্তিষ্কে প্রদাহ, শ্বাসকষ্ট ও অচেতনতার কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নীপা ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও নির্দিষ্ট টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি। ফলে চিকিৎসা মূলত রোগীর উপসর্গ অনুযায়ী করা হচ্ছে এবং আক্রান্তদের আইসোলেশনে রাখা হচ্ছে।
এর আগে কেরালায় নীপা ভাইরাসের একাধিক প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর নজরদারি বাড়িয়েছে।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে কাঁচা খেজুরের রস পান না করা, ভালোভাবে ধোয়া ফল খাওয়া এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

