জলপাইগুড়ি, ২৯ অক্টোবর:
দুর্গাপুজো শেষ হতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে জোর জলপাইগুড়ি পুরসভার। আগামী ১৫ নভেম্বর ছটপুজোকে সামনে রেখে শহরের বিভিন্ন ঘাটের পরিকাঠামো খতিয়ে দেখতে শুরু করেছে পুর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শহরের কিংসাহেব ঘাট পরিদর্শন করেন পুরসভার প্রশাসক মিহির কর্মকার। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার ওএস তাপস দত্ত-সহ অন্যান্য কর্মীরা। ছটব্রতীদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ঘাটগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জলপাইগুড়ি পুরসভার অধীনে রয়েছে মোট ২৫টি ওয়ার্ড। শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর বিভিন্ন ঘাটের পাশাপাশি একাধিক পুকুরেও ছটপুজোর আয়োজন করা হয়। মাসকালাইবাড়ি, শান্তিপাড়ার পরেশমিত্র কলোনি, নিচমাঠ এলাকা, সমাজপাড়া, বাবুঘাট এবং কিংসাহেব ঘাট-সহ বিভিন্ন জায়গায় প্রস্তুতি চলছে। পাশাপাশি রাজবাড়ি পুকুর-সহ শহরের অন্যান্য পুকুরের ঘাটগুলিতেও ছটপুজোর আয়োজন করা হবে।
পুরসভার প্রশাসক মিহির কর্মকার জানান, শহরের মোট ২২টি ঘাটে ছটপুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘাটগুলিতে আলো এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ব্যবস্থাও রাখা হবে। ছটপুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
মিহির কর্মকার আরও জানান, দুর্গাপুজোর বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এবার ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি ঘাটে সিভিল ডিফেন্সের কর্মীদের উপস্থিতি-সহ নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার পরিকল্পনাও রয়েছে।
সব মিলিয়ে ছটপুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের ঘাটগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। উৎসবের দিনগুলিতে ছটব্রতী ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে পুরসভা কতটা প্রস্তুত থাকে, এখন সেদিকেই নজর শহরবাসীর।

