জলপাইগুড়ি, ২৭ জুন
জলপাইগুড়ি শহর সংলগ্ন আসামমোড় এলাকার করলাভ্যালি মোড়ের সার্ভিস রোড বৃষ্টির জেরে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে জল জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জলনিকাশির সঠিক ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির জল দ্রুত বেরোতে না পেরে রাস্তার উপর জমে থাকে। সেই জলমগ্ন অবস্থার কারণেই সার্ভিস রোডের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
বিশেষ করে দুই চাকার যানবাহনের চালকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। জল জমে থাকার কারণে রাস্তার গর্ত বোঝা যাচ্ছে না, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি।
এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে শনিবার এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হন। অবরোধ কর্মসূচিতে সিপিআই(এম)-এর নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অংশ নেন।
প্রতিবাদীদের দাবি, দ্রুত সার্ভিস রোড সংস্কার এবং স্থায়ী জলনিকাশি ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

