কোচবিহার , ১৫ মে
কোচবিহার শহরে যাত্রীবাহী গাড়ির ছাদে বিপজ্জনকভাবে বাণিজ্যিক মালপত্র ও বিভিন্ন সামগ্রী বহনের বিরুদ্ধে অভিযান চালাল ট্রাফিক পুলিশ। শুক্রবার কোচবিহার সদর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বহু যাত্রীবাহী গাড়ির ছাদে অতিরিক্ত ও বিপজ্জনকভাবে মালপত্র বহনের অভিযোগ উঠছিল। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। সেই কারণেই এদিন বিশেষ নজরদারি ও সতর্কতামূলক অভিযান চালানো হয়।
কোচবিহার সদর ট্রাফিকের ওসি সুরেশ দাস জানান, যেসব গাড়িতে বিপজ্জনকভাবে মালপত্র বহন করা হচ্ছে, তাদের আজ সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, যাত্রীবাহী গাড়ির ছাদে অতিরিক্ত বা অনিয়মিতভাবে মাল বহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাড়ির চালক ও মালিকদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দিনে যদি কোনও গাড়িতে এভাবে বিপজ্জনক অবস্থায় মালপত্র বহন করতে দেখা যায়, তাহলে ট্রাফিক আইনের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। পুলিশের এই অভিযানে শহরের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

