শিলিগুড়ি, ৬ জানুয়ারী :
কখনও বন্ধকের বাইক, আবার কখনও বাবার স্কুটি নিয়ে বেপরোয়া ঘোরাঘুরি—ইস্টার্ন বাইপাস জুড়ে এমন দৃশ্যই প্রতিদিন চোখে পড়ে। আজ হঠাৎই আশিঘড় সংলগ্ন লোকনাথ মন্দিরের সামনে আশিঘড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়।
এই অভিযানে হেলমেটবিহীন ও নিয়মভঙ্গকারী একাধিক বাইকচালককে আটক করা হয়। আজ আর কোনও অজুহাত শোনা হয়নি ট্রাফিক পুলিশের তরফে। আইন ভাঙার অপরাধে চালকদের হাতে ধরিয়ে দেওয়া হয় চালান।
বিশেষভাবে ১৮ বছরের নিচে যেসব নাবালক গাড়ি চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। নাবালক চালকদের ক্ষেত্রে ৬ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়। পাশাপাশি বন্ধকের একটি বাইক আশিঘড় ফাঁড়ির পুলিশ এসে বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
ট্রাফিক পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা দিতেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।

