কোচবিহার, ২৫ আগস্ট
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখনই বাজারে নজরদারি আরও জোরদার করল প্রশাসন। মঙ্গলবার কোচবিহারের ভবানীগঞ্জ বাজার-সহ শহরের বিভিন্ন এলাকায় মুদিখানা দোকানে যৌথ অভিযান চালাল খাদ্য দপ্তর ও জেলা পুলিশ।
এদিনের অভিযানে দোকানে গিয়ে চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বিক্রয়মূল্য খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি বিক্রির রসিদ, দোকানে থাকা মজুতের হিসাব এবং সংশ্লিষ্ট নথিপত্রও পরীক্ষা করা হয়।
নির্ধারিত বা ন্যায্য মূল্যের তুলনায় বেশি দামে কোনও সামগ্রী বিক্রি করা হচ্ছে কি না, সেদিকেও বিশেষ নজর ছিল প্রশাসনের। কোথাও পণ্যের দাম নিয়ে কোনও অনিয়ম হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করেন আধিকারিকরা।
খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে কোনওভাবেই অস্বাভাবিকভাবে বাড়ানো না হয়, সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে। পাশাপাশি বেআইনিভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়েছে, অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা বেআইনি মজুতের মতো কোনও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য দপ্তর ও পুলিশের এই যৌথ অভিযানের পর বাজারের ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কোচবিহার শহরেই নয়, জেলার বিভিন্ন বাজারেও আগামী দিনে এই ধরনের নজরদারি ও অভিযান চালানো হবে।
বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের এই তৎপরতায় সাধারণ মানুষ কতটা স্বস্তি পান, এখন সেটাই দেখার।

