তুফানগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি :
বিজেপির বাইক মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দোরানফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায়। ১লা মার্চ পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার তরফে ১ নং মন্ডল জুড়ে বাইক মিছিল করা হয়। পাল্টা তৃণমূলের তরফে ওই এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি ও তৃণমূলের মিছিল সামনাসামনি হতেই দুপক্ষের কর্মীদের মধ্যে তুমুল বচসা বাধে। তৃণমূলের অভিযোগ, বাইক মিছিল থেকে তাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা। যদিও তাদের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
তৃণমূলের অন্দোরান ফুলবাড়ি ১ং অঞ্চল সহ সভাপতি মহেন্দ্রনাথ অধিকারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এলাকায় মিছিল করছিলাম। সেই সময় বিজেপির কিছু বহিরাগত বাইক বাহিনী লাঠিসোটা নিয়ে এসে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আমাকেও মারধরের পাশাপাশি আর এক কর্মীকে মারধর করে ওরা। অবিলম্বে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিজেপির এক নম্বর মণ্ডল সভাপতি যুগল কিশোর দাস বলেন। পরিবর্তন যাত্রা উপলক্ষে এক ও পাঁচ নম্বর মণ্ডল যুব মোর্চার তরফে প্রশাসনিক অনুমতি নিয়েই বাইক মিছিল করা হয়। প্রথম থেকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আমাদের কর্মসূচি বানচালের জন্য বিভিন্ন জায়গায় জমায়েত করে ভয় দেখাতে শুরু করে। ওরাই আমাদের মিছিলে হামলা করে। এখন বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে।

