মাথাভাঙ্গা , ২৭ জুন
নতুন সরকার গঠনের পর রাজ্যের উন্নয়নের বার্তা সামনে রেখে এবার মাথাভাঙা শহরের সার্বিক উন্নয়নে উদ্যোগী হল জেলা প্রশাসন। শনিবার কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব মাথাভাঙা শহর পরিদর্শন করেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, পূর্ত দফতর, সেচ দফতর, মাথাভাঙা পুরসভা-সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকও করেন জেলাশাসক। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মাথাভাঙা আশুতোষ হলের সংস্কার, মাথাভাঙা শ্মশানঘাটের আধুনিকীকরণ ও সেখানে বৈদ্যুতিক চুল্লি স্থাপন, পূর্ত দফতরের জমিতে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণ, মাথাভাঙা মদনমোহন বাড়ির পুকুর সংস্কার এবং মাথাভাঙা মিনি ইনডোর স্টেডিয়ামের আধুনিকীকরণ-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এদিন বিভিন্ন প্রকল্পের প্রস্তাব গৃহীত হয়েছে এবং দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়নের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাথাভাঙা শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছে প্রশাসন।

