তুফানগঞ্জ, ২৪ এপ্রিল :
সাত সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা বাজার। আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাজারের বেশ কয়েকটি দোকান। জনবহুল বাজারে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিলাখানা বাজারে হঠাৎই আগুনের ঝলক ও ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। একটি বন্ধ দোকান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় প্রাথমিক অবস্থায় কেউ কিছু বুঝে উঠতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে এবং চোখের পলকে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়।
আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ও তুফানগঞ্জ থানার পুলিশ। তবে দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও এলাকায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জওয়ান ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় এবং পরবর্তীতে দমকলের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় বাজারটি। সন্ধ্যাবেলায় বাজারে ভিড় থাকায় প্রথমে আতঙ্ক ছড়ালেও সকলের মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ফলে দোকানগুলোতে থাকা প্রচুর পরিমাণের আসবাব ও ব্যবসায়িক সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন। জনবহুল বাজারে সন্ধ্যার এই অগ্নিকাণ্ডে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

