আলিপুরদুয়ার, ২৮ সেপ্টেম্বর
পুজোর ছুটিতে বক্সা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে পর্যটকদের জন্য রয়েছে বড় খবর। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চার দিন বন্ধ থাকবে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল সাফারি ও পর্যটন কার্যক্রম।
কিন্তু ঠিক পুজোর মুখে কেন এই সিদ্ধান্ত?
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বক্সা টাইগার রিজার্ভে বাঘ পুনঃপ্রবর্তন কর্মসূচির প্রস্তুতি ও নিরাপত্তার কথা মাথায় রেখেই সাময়িকভাবে পর্যটন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে অফিস অর্ডার জারি করেছেন বক্সা টাইগার রিজার্ভের চিফ কনজারভেটর অফ ফরেস্ট তথা ফিল্ড ডিরেক্টর কুমার বিমল, আইএফএস।
এই চার দিন বক্সা টাইগার রিজার্ভের ভিতরে কোনও পর্যটকবাহী গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। ফলে জয়ন্তী ও রাজাভাতখাওয়া-সহ বক্সার জঙ্গল সাফারি বন্ধ থাকবে।
পুজোর ছুটিতে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বক্সায় বেড়াতে আসার পরিকল্পনা করা পর্যটকদের কাছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কিছুটা হতাশার। তবে এর পিছনে রয়েছে আরও বড় পরিকল্পনা…
বক্সা জঙ্গলে বাঘ ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই চলছে। বাঘ পুনঃপ্রবর্তনের প্রস্তুতি এবং সেই সময় জঙ্গলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা বলে বন দপ্তর সূত্রে খবর।
তবে এই বন্ধের পরেই কি বক্সার পর্যটনে আসতে চলেছে নতুন অধ্যায়?
বনকর্তাদের আশা, বক্সা জঙ্গলে বাঘ ফিরে এলে পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে। বাঘকে কেন্দ্র করে আগামী দিনে বক্সা টাইগার রিজার্ভের আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা।

