আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারী :
সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস পালিত হবে। প্রজাতন্ত্র দিবসের আগে অসম-বাংলা সীমানায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টে অসমের দিক থেকে আসা সব যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশের সঙ্গে ডিআইবি’র আধিকারিক-কর্মীরা স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে। পাকরিগুড়ি নাকা পয়েন্ট ছাড়াও অসম-বাংলা সীমানার সংকোশ রেল সেতুতে চালানো হচ্ছে নজরদারি। এছাড়াও হাট-বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশনের মতো জনবহুল স্থান গুলিতে চলছে তল্লাশি। এক কথায় প্রজাতন্ত্র দিবসের আগে অসম-বাংলা সীমানায় কড়া নজরদারি জারি রেখেছে পুলিশ। কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা রুখতে আগেভাগে সতর্কতা অবলম্বন করা হয়েছে পুলিশের তরফে।

