শিলিগুড়ি, ১৬ ডিসেম্বর :
শিলিগুড়ির মেয়র গৌতম দেব কিছুদিন আগেই বলেছিলেন,ফুটপাত রাস্তাঘাট দখল করে দোকানপাট চলবে না। বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও সরব হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং পুলিশকর্তাদের সাথে বৈঠকে বসেন। এরপরেই শহরের রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে এবং মানুষ যাতে ফুটপাত ব্যবহার করতে পারেন সেই কারণেই ময়দানে নামে ট্রাফিক বিভাগ। শহরের মানুষের মন পেতে এবং যানজট হীন পথ শহরবাসীকে উপহার দিতে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। কখনো বিধান রোডে,কখনো হিলকার্ট রোডে,কখনো সেবক রোডে,কখনো ইস্টার্ন বাইপাসে ফুটপাত দখল মুক্ত অভিযানে নামছে শিলিগুড়ি ট্রাফিক। আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজি শামসুদ্দিন আহমেদ,জলপাই মোর ট্রাফিক ওসি এবং ট্রাফিক পুলিশের কর্মীরা অভিযানে নামেন ঝংকার মোড়,জলপাই মোর এবং নৌকা ঘাট এলাকায়। রাস্তায় বেআইনি যানবাহন পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালান ট্রাফিক পুলিশের কর্তারা। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানীদের ফুটপাত ছেড়ে ব্যবসা করার নির্দেশ দেন। অসচেতন বাইক চালক কে চকলেট দেন পুলিশ কর্তা। টার্গেট একটাই,মানুষ যাতে ফুটপাত ব্যবহার করে হাঁটতে পারেন এবং রাস্তায় যাতে যানবাহনের কোন জট না হয়। এই অভিযান লাগাতার চলবে বলেই জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।

