জলপাইগুড়ি, ১৯ মে :
রাজস্থানে দুই বোনকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সোমবার জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল করল SUCI-র শাখা সংগঠন AIDSO ও AIMSS। মহিলাদের নিরাপত্তা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন। তাদের অভিযোগ, বিজেপি সরকারের আমলে দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়ছে, অথচ দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান তোলেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাজস্থানের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে এবং দেশের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিনের ধিক্কার মিছিলে ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। শহর জুড়ে এই প্রতিবাদ মিছিল ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।

