মাথাভাঙ্গা, ১৩ মে
মহকুমা হাসপাতালে সুপারের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এবং সুপারকে বিক্ষোভ দেখানোর পর আজ বুধবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এলেন জেলা শাসক জীতিন যাদব। উল্লেখ্য যে,মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন হাসপাতালের চিকিৎসক,নার্স এবং স্টাফরা।অভিযোগ সুপারের বিরুদ্ধে মুখ খুলতে চাইলেই কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে দিয়ে বদলির হুমকি দেওয়া হতো।গুরুতর অভিযোগ সুপার ধর্মীয় পরিচয় দেখে পক্ষপাত মূলক আচরণ করতেন।এক চুক্তিভিত্তিক সুপার ভাইজার ‘ব’ কলমে চিকিৎসকদের রোস্টার থেকে শুরু করে হাসপাতাল নিয়ন্ত্রণ করতো।তার বিরুদ্ধে অভিযোগ ছুটির জন্য মোটা টাকা অঙ্কের টাকা দাবি করতো।নার্সিং স্টাফদের অভিযোগ তারা হোস্টেলে নিরাপত্তা হীনতায় ভুগতেন। কর্তৃপক্ষকে জানানো হলে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হত। এমনকি হাসপাতালেও নিরাপত্তা হীনতায় ভুক্তেন বলে অভিযোগ। কারণে অকারণে মিটিংয়ে অপমানিত করা হতো।এই কারণে অনেকেই হাসপাতাল ছেড়ে অন্যত্র চলেও গিয়েছেন।
এদিন জেলাশাসক জীতিন যাদব মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং স্টাফদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। সূত্রের খবর হাসপাতালের মান উন্নয়নসহ একাধিক অভিযোগের বিষয় নিয়েও এদিন আলোচনা হয়। জেলাশাসককে কাছে পেয়ে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতালের মান ও পরিষেবা নিয়েও ক্ষোভ উগড়ে দেন।জেলা শাসক তাদের আশ্বস্ত করেন ধীরে ধীরে হাসপাতালের মান উন্নয়ন করা হবে তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

