আলিপুরদুয়ার , ৬ জুলাই
কোটি কোটি টাকার তহবিল তছরুপের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী ও সহ-সভানেত্রীকে।
দীর্ঘ ১৫ দিন পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক থাকার পর রবিবার রাতে অসমের কোকড়াঝাড় থেকে তাঁদের গ্রেপ্তার করে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে সেই অর্থে নিজেদের নামে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন তাঁরা। ধৃতরা হলেন আলিপুরদুয়ার-২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের ‘দেবদূত’ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভাপতি রিণা দাস দেবনাথ ও সহসভাপতি সীমা সরকার।
সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্তকারীরা আত্মসাৎ হওয়া অর্থের উৎস, সম্পত্তির পরিমাণ এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন। আদালতের নির্দেশ সাপেক্ষে দুর্নীতির টাকায় গড়া সম্পত্তির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ হতে পারে বলে সূত্রের খবর। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

