মাথাভাঙ্গা, ১ জুন:
বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত পেতে ব্যবসায়ী সমিতির সম্পাদককে লিখিতভাবে জানালেন ব্যবসায়ীরা।সোমবার মাথাভাঙ্গা ১ ব্লক কৃষক বাজারের ব্যবসায়ীরা কৃষক বাজারের সম্পাদক সমীর কুমার রায়কে এই লিখিত পত্রটি দেন।যেখানে লেখা রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর পঞ্চানন মোড় কৃষক বাজারে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরির নামে কৃষক বাজারের ব্যবসায়ীদের থেকে প্রায় ১২ লক্ষ টাকা তোলা হয় স্থানীয় ও বহিরাগত তৃণমূল নেতাদের পক্ষ থেকে।তাই সেই টাকা যাতে ফিরিয়ে দেওয়া হয় তাই তার কাছে শরনাপন্ন হয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর পঞ্চানন মোড়ে কৃষক বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হয়।কারও কাছ থেকে ৫ হাজার ,কারও কাছ থেকে ১০ হাজার ,কারও কাছ থেকে আবার ৫০ হাজারের বেশি টাকা তোলা হয়েছিল।যার পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। শুধু তাই নয় টাকা তোলার জন্য মারধর করা হয়েছিল বলেও অভিযোগ তাদের।যেহেতু বিভিন্ন জায়গায় কাটমানি ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা,আর সেই খবর পেয়েছেন তারা, তাই তাদের টাকাও যাতে ফিরে পাওয়া যায় সেজন্য এদিন তারা কৃষক বাজারের সম্পাদকের দ্বারস্থ হন।তবে আলোচনার মধ্যে দিয়ে যদি টাকা ফিরে না পান, তবে পরবর্তীতে আইনি ব্যবস্থার দিকেও যাবেন বলে জানান।

