তুফানগঞ্জ, ৬ মে :
দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে একাধিকবার আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বিধানসভার অন্দরানফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের চিলারায়গড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বিজেপি কর্মীর নাম রানা বর্মন। মঙ্গলবার রাতে দলীয় কিছু কাজ শেষ করে তিনি যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় চিলারায়গড় এলাকায় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে এবং ধারালো ছুরি দিয়ে তাঁর পিঠের একাধিক জায়গায় কোপ মারে।
রানা বর্মনের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

