জলপাইগুড়ি, ২৬ মে:
জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস কোতোয়ালি থানায় তৃণমূল নেতা তথা পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আজ। অভিযোগ, ছাত্রী ভর্তি নিয়ে চাপ সৃষ্টি করে কথা না মানায় প্রধান শিক্ষিকাকে কান ধরে ওঠবস করানো ও সহকারী প্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্রকে পা ধরতে বাধ্য করা হয়। এই ঘটনায় আগেই শিক্ষা দপ্তরসহ বিভিন্ন মহলে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়। ন্যায়বিচারের আশায় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন দুই শিক্ষিকা। সৈকত চ্যাটার্জি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এবং বিষয়টি আদালতে প্রমাণ করবেন বলে জানিয়েছেন।

