মাথাভাঙ্গা, ২৫ মে:
আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরতের দাবিতে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন এলাকার বহু উপভোক্তা। মাথাভাঙ্গা থানায় কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা বলে দাবি।সোমবার সকালে ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ভিতরাবন এলাকায়।এদিন এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন আবাস যোজনার উপভোক্তা প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে কাটমানির টাকা ফেরতের দাবি তোলেন।
অভিযোগের তীর এলাকার বাসিন্দা সহিদুল মিয়ার দিকে। পেশায় তিনি মাথাভাঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ার হলেও এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেই পরিচিত ছিলেন বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, নির্বাচনের আগে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, এভাবে প্রায় ৮ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ভয়ের পরিবেশ থাকায় কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁরা প্রকাশ্যে প্রতিবাদে সামিল হয়েছেন এবং কাটমানির টাকা ফেরতের দাবি তুলেছেন।
সোমবার বিক্ষোভ চলাকালীন অভিযুক্ত শহিদুল মিয়া বাড়িতে ছিলেন না। তাঁর এক আত্মীয় জানান, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। তবে শহিদুলের সঙ্গে আলোচনা করে অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হবে।
স্থানীয়দের আরও অভিযোগ, আবাস যোজনার কাটমানির পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে নানাভাবে তোলাবাজি করা হত। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

