.শিলিগুড়ি, ২৬ আগস্ট:
টোটো চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ। দিনের পর দিন অভিযোগ জমা পড়ছিল। শেষ পর্যন্ত সরেজমিনে পথে নেমে কোর্ট মোড় এলাকার পরিস্থিতি খতিয়ে দেখলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। হাতে মাইক নিয়ে এলাকায় ঘুরে টোটো চালক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
অভিযোগ, কোর্ট মোড় এলাকায় কয়েকজন অসাধু ব্যক্তি টোটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা তুলছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী। তোলা আদায়ের সঙ্গে যুক্তদের উদ্দেশে অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার কড়া হুঁশিয়ারি দেন তিনি।
শুধু টাকা নেওয়া নয়, টোটো চালকদেরও কোনও ধরনের তোলা না দেওয়ার নির্দেশ দেন শংকর ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, টাকা নেওয়া এবং দেওয়া—দুই প্রক্রিয়াই বন্ধ করতে হবে। অন্যথায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, কোর্ট মোড়ের দীর্ঘদিনের যানজট সমস্যাও মন্ত্রীর নজরে আসে। রাস্তার উপর টোটো ও অটো দাঁড় করিয়ে অস্থায়ী স্ট্যান্ড তৈরি হওয়ায় ব্যস্ত এই এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। তোলাবাজি বন্ধ না হলে আগামী দিনে ওই অস্থায়ী স্ট্যান্ডও তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা এবং এসিপি ট্রাফিক সুবীর দত্ত। দুই পুলিশ আধিকারিককেই বিষয়টির উপর নজর রাখার নির্দেশ দেন শংকর ঘোষ। কোর্ট মোড় এলাকায় কোনও ধরনের তোলাবাজি বা অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। যানজট, টোটো-অটোর সমস্যা এবং অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য নিয়ে তাঁদের অভিযোগ শোনেন। আগামী দিনে এলাকায় অযথা যানজট ও অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে আশ্বাস দেন শংকর ঘোষ।

