শিলিগুড়ি, ২২ মে :
দীর্ঘ প্রায় দু’বছর পর উদ্ধার হল চুরি যাওয়া স্কুটি। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ উদ্ধার হওয়া স্কুটিটি প্রকৃত মালিক মনোজ কুমার জয়েনের হাতে তুলে দেয়।
জানা গিয়েছে, শিলিগুড়ির চার্চ রোড এলাকার বাসিন্দা মনোজ কুমার জয়েনের স্কুটি ২০২৪ সালের ২৭ মার্চ সেবক রোডে তাঁর দোকানের সামনে থেকে চুরি যায়। ঘটনার পর তিনি পানিট্যাঙ্কি ফাঁড়িতে এফআইআর দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ফুলবাড়ি এলাকার একটি জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় স্কুটিটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানানো হয় নিউ জলপাইগুড়ি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্কুটিটি মালিকের হাতে তুলে দেয় পুলিশ। দীর্ঘদিন পর নিজের হারানো গাড়ি ফিরে পেয়ে খুশি মনোজবাবু। তিনি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানান।

