জলপাইগুড়ি, ৩ জুলাই:
ডুয়ার্সে চা বাগান শ্রমিকদের বকেয়া মজুরি ও পিএফ সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ও শ্রমিক আন্দোলনের আবহ তৈরি হয়েছে। সামসিং চা বাগানে কর্তৃপক্ষের আশ্বাসের পর শুক্রবার থেকে ফের কাজ শুরু করেছেন শ্রমিকরা। অন্যদিকে নাগেশ্বরী চা বাগানে দাবিদাওয়া নিয়ে গেট মিটিং চলেছে টানা পঞ্চম দিন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সামসিং চা বাগানে বকেয়া মজুরি ও পিএফ-এর টাকা জমা না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকরা কাজ বন্ধ রেখে গেট মিটিংয়ে অংশ নেন। শ্রমিকদের দাবি, বাগানে কর্মরতদের মোট চারটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। পাশাপাশি পিএফের টাকা কাটা হলেও তা যথাযথভাবে জমা করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে বিজেপি-সমর্থিত বিটিডাব্লিউইউ (BTDWWU)-এর উদ্যোগে বাগানের ফ্যাক্টরি গেটের সামনে গেট মিটিং অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের নেতৃত্ব ও বাগান ম্যানেজমেন্টের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে আগস্ট মাসের মধ্যে একটি বকেয়া পাক্ষিক মজুরি মেটানোর আশ্বাস দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই আশ্বাসের পরই শুক্রবার শ্রমিকরা ফের কাজে যোগদান করেন।
অন্যদিকে, একই দিনে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির পক্ষ থেকে নাগেশ্বরী চা বাগানে গেট মিটিং অনুষ্ঠিত হয়। টানা পঞ্চম দিনের এই কর্মসূচিতে অংশ নেন বহু শ্রমিক। বকেয়া মজুরি প্রদান, পিএফ সংক্রান্ত সমস্যা সমাধানসহ একাধিক দাবি সামনে রেখে এই আন্দোলন চালানো হচ্ছে বলে সংগঠনের দাবি।
গেট মিটিং শেষে শ্রমিকরা সাময়িকভাবে কাজে ফিরলেও সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ফলে ডুয়ার্সের চা বলয়ে শ্রমিক অসন্তোষ ও প্রশাসনিক নজরদারির বিষয়টি আবারও সামনে এসেছে।

