জলপাইগুড়ি, ১২ মার্চ :
জলপাইগুড়িতে বিশ্ব উপভোক্তা দিবস পালিত হল বৃহস্পতিবার। জেলা ক্রেতা সুরক্ষা দফতরের উদ্যোগে শহরের হিন্দি হাইস্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পড়ুয়াদের সামনে উপভোক্তাদের অধিকার ও সচেতনতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কেনাকাটার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে এবং প্রতারিত হলে কোথায় অভিযোগ জানাতে হবে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়। পাশাপাশি বিজ্ঞান সচেতনতা বাড়াতে জলপাইগুড়ি সাইন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে হাতেকলমে বিজ্ঞানের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়। কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে দূরে থাকতে বিজ্ঞানের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক অসীত কুমার ভাট বলেন, এতে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে। সাইন্স অ্যান্ড নেচার ক্লাবের জয়দেব দে জানান, মোবাইলের বাইরে বাস্তব বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা দেখা পড়ুয়াদের জন্য খুবই প্রয়োজন।

