05.07.25
কোচবিহার:
কোচবিহারে গুলিকাণ্ডে গ্রেপ্তার হওয়া দুই ধৃতের জামিনের আবেদন নাকচ করলো কোচবিহার আদালত। দেওয়া হলো পাঁচদিনের পুলিশি হেফাজত।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কোচবিহারের ঝিনাইডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হয় তৃণমূল নেতা রাজু দে। তাকে লক্ষ করে এলোপাথারী গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে শুক্রবার দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে একজন কোচবিহার উত্তরবিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি কালো গাড়ি আটক করে তারা। ওই গাড়িটি বিধায়ক সুকুমার রায়েরই গাড়ি।
শনিবার সকালে গ্রেপ্তার হওয়া দুইজনকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে, ঘটনার পুঁখ্যানুপুঙ্খু তদন্তের খাতিরে ৭ দিনের পুলিশ হেফাজত দাবি করা হয়েছিল। সকল কাগজপত্র দেখে এবং বাদী ও আসামি পক্ষের আইনজীবীর কথা শুনে ৫ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। পাশাপাশি ধৃতদের জামিনের আবেদন খারিজ করা হয়েছে।

