তুফানগঞ্জ,১৫এপ্রিল ২০২৫ :
ওয়াকফ আইন বিরোধী আন্দোলন পর্বে রাজ্যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা নিয়ে টুইটারে ‘ভুয়ো ছবি’ এবং ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ পোস্ট করার অভিযোগ উঠল বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্তের বিরুদ্ধে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। তৃনমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ-২ ব্লক সভাপতি আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে এদিন বক্সিরহাট থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তাঁদের দাবি, পুলিশ তদন্ত করে দেখে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের দাবি করেন তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। সংগঠনের তৃণমূল ছাত্র পরিষদের তুফানগঞ্জ ২ ব্লক সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন,”সমাজমাধ্যমে ভুয়ো ভিডিও,ছবি, উস্কানিমূলক বার্তা পোস্ট করে রাজ্যে জাতিদাঙ্গা ছড়িয়ে দিতে চাইছেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বরা। প্রশাসন তদন্ত করে দেখে কঠোর ব্যবস্থা নেক সেই দাবি জানাই।
প্রসঙ্গত, রাজ্য বিজেপির সমাজমাধ্যমের পাতায় রবিবার কিছু টুকরো টুকরো অশান্তির ছবি একত্রিত করে পোস্ট করা হয়েছিল। কিন্তু ওই পোস্টটি ‘ফেক’ (ভুয়ো) বলে রবিবারই জানায় রাজ্য পুলিশ। বিজেপির পোস্টে ঘটনাগুলি বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ের বলে দাবি করা হয়েছিল। এর পরেই রাজ্য পুলিশের সমাজমাধ্যমের পাতায় পাল্টা একটি পোস্ট করা হয়। রাজ্য পুলিশের দাবি, বিজেপির পোস্টটি ভুয়ো। ঘটনাগুলির বেশির ভাগ নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময়ের বলে দাবি পুলিশের। তার মধ্যে ভিন্রাজ্যের অশান্তির ছবিও ছিল। যদিও ওই ছবিগুলির সত্যতা যাচাই করা হয়নি। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, পাল্টা প্রচার শুরু হওয়ার পরেই সুকান্ত ওই বিতর্কিত পোস্ট মুছে দিয়েছিলেন।

