দিনহাটা, ১৯ আগস্ট:
বাংলাদেশি নাগরিক সন্দেহে নয়ারহাটে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম মাসুদ রানা (২৫)। তাঁর দাবি, তিনি বাংলাদেশের লালমনিরহাটের কাকিয়াতেপা এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে যুবক পুলিশকে জানিয়েছেন, গিতালদহের ধরলা নদীর কাশিমঘাট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তিনি।
বর্তমানে তাঁকে নয়ারহাট তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। বুধবার তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি দিনহাটায় পাকিস্তানি গুপ্তচর সন্দেহে চারজন গ্রেফতারের পর ফের বাংলাদেশি নাগরিক সন্দেহে এক যুবক আটক হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

