দিনহাটা, ৫ সেপ্টেম্বর
বাড়িতে ঢুকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার এক
শনিবার দিনহাটা আদালতের সরকার পক্ষের আইনজীবী মৃঙ্গাঙ্ক সেন গুপ্ত জানান,সিতাই থানার উত্তর বারথর এলাকার এক মহিলার বাড়িতে ঢুকে তাঁর ছেলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে। অভিযোগ, গত শুক্রবার রাতে কয়েক জন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় মহিলা ও তাঁর মেয়ে বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ আরও, ওই মহিলা ও তাঁর মেয়েকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং শ্লীলতাহানি করা হয়। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার পর সিতাই থানায় বেশ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিতাই থানার পুলিশ পূর্ব বারথর এলাকার বাসিন্দা রাহুল মিয়া (২৬)-কে গ্রেফতার করে। শনিবার তাঁকে দিনহাটা আদালতে পেশ করে পুলিশ। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

