জলপাইগুড়ি, ৩০ এপ্রিল :
পরিত্যক্ত কুয়োর অন্ধকার থেকে উদ্ধার হলো বিশালাকার এক রাজগোখরো বা কিং কোবরা। বুধবার বিকেলে মাটিয়ালী ব্লকের দক্ষিণ ধূপঝোরা সংলগ্ন কায়েত পাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই এলাকার একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে বিশাল সাপটিকে লক্ষ্য করেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে খবর চাউর হতেই এলাকায় শয়ে শয়ে মানুষের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় নিকটবর্তী ধূপঝোরা বিট অফিসে। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং খবর দেন চালসার পরিচিত সর্পপ্রেমী দিবস রাই-কে।
বনকর্মীদের উপস্থিতিতে দিবস রাই কুয়োর ভেতর থেকে সাপটিকে উদ্ধারের কাজ শুরু করেন। দীর্ঘ আধ ঘণ্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় কুয়ো থেকে টেনে তোলা সম্ভব হয়। বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া কিং কোবরাটি লম্বায় প্রায় ১২ ফুট।
প্রাথমিক পরীক্ষার পর সাপটি সুস্থ থাকায় বনকর্মীরা সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেন। উল্লেখ্য, এই কায়েত পাড়া এলাকার পাশেই গরুমারা জাতীয় উদ্যান। স্থানীয় বাসিন্দাদের অনুমান, খাবারের সন্ধানেই গরুমারার জঙ্গল থেকে সাপটি লোকালয়ে ঢুকে পড়েছিল। এর আগেও এই এলাকা থেকে একাধিকবার কিং কোবরা উদ্ধারের নজির রয়েছে।

