জলপাইগুড়ি, ২৮ আগস্ট
১৩ জন নিরাপত্তারক্ষীকে কাজ থেকে ছাঁটাইয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ির সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) দফতরে। ছাঁটাই হওয়া কর্মীদের দ্রুত কাজে পুনর্বহালের দাবিতে শুক্রবার হামিকপাড়া এলাকার সেন্ট্রাল ওয়াটার কমিশন দফতরের সামনে আন্দোলনে নামে ভারতীয় মজদুর সঙ্ঘ।
বৃষ্টিকে উপেক্ষা করে ত্রিপল টাঙিয়ে আন্দোলনে শামিল হন ছাঁটাই হওয়া কর্মীরা। তাঁদের অভিযোগ, অগস্ট মাস থেকে হঠাৎ করে ১৩ জন নিরাপত্তাকর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মীরা আচমকা কর্মহীন হয়ে পড়ায় তাঁদের পরিবারও সমস্যায় পড়েছে।
আন্দোলনকারীদের দাবি, একাধিকবার আন্দোলন করার পর ১৩ জনের মধ্যে ৬ জনকে কাজে পুনর্বহাল করা হলেও এখনও ৭ জনকে কাজে নেওয়া হয়নি। ঠিকাদার সংস্থার মাধ্যমে তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন বলে জানা গিয়েছে।
ভারতীয় মজদুর সঙ্ঘের নীলকমল শর্মার অভিযোগ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থা বিষয়টি নিয়ে টালবাহানা করছে। ছয়জনকে কাজে নেওয়া হলেও বাকি সাতজনকে এখনও কাজে বহাল করা হয়নি। দ্রুত সকল ছাঁটাই হওয়া কর্মীকে কাজে পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা।
বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘটনায় স্পষ্ট, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মীদের ক্ষোভ মিটছে না। এখন কর্তৃপক্ষের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর আন্দোলনকারীদের।

