শিলিগুড়ি, ১৪ মে :
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির আবহ শহরজুড়ে। সেই আনন্দের মধ্যেই রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল এক্টিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী শীল। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী এবারের পরীক্ষায় মোট ৪৮৯ নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী শ্রেয়সীর এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও প্রতিবেশীরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে তাদের বাড়ি। এলাকার বাসিন্দারাও শ্রেয়সীর সাফল্যকে নিজেদের গর্ব বলে মনে করছেন।
অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছে শ্রেয়সী। বাড়ির সামনেই রয়েছে তার বাবার ছোট একটি মুদিখানা দোকান। মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা সবসময় মেয়ের পড়াশোনায় পাশে থেকেছেন। শ্রেয়সীর কথায়, বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গৃহশিক্ষকদের নিরন্তর সহযোগিতা এবং অনুপ্রেরণাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে শ্রেয়সীর। পাশাপাশি সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করার স্বপ্নও দেখছে সে। শ্রেয়সীর এই সাফল্যে গর্বিত গোটা শিলিগুড়ি।

