শিলিগুড়ি, ২৮ এপ্রিল :
মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযান চলাকালীন কাওয়াখালী বিশ্ববাংলা গেটের সামনে থেকে একটি স্কুটি আটক করা হয়। স্কুটিতে স্বামী-স্ত্রী দু’জন আরোহী ছিলেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশির সময় স্কুটির ডিকির ভিতর থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম এমডি জাহাঙ্গীর ও সাবো বেগম। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বিহারের কিশানগঞ্জ থেকে এই মাদক শিলিগুড়িতে এনে বিক্রির উদ্দেশ্যে এসেছিল।
এছাড়াও পুলিশ সূত্রে দাবি, ধৃতরা এর আগেও একাধিক অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং পূর্বেও গ্রেফতার হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আশ্বাস, এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে।

