জলপাইগুড়ি , ১১ জুলাই
সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়ি বাবুপাড়ার একটি বেসরকারি ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক অনন্ত দেব অধিকারী। পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে রক্তদান করেন। খবর লেখা অব্দি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জন রক্ত দেন, যানা যায় শিবির চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
পাশাপাশি স্কুল পড়ুয়াদের ব্যাগ বিতরণ করা হয় এবং অভিভাবকদের ট্রাফিক সচেতনতার বার্তা দেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা। সিভিক ভলান্টিয়ারদের ডিউটির জন্য প্রয়োজনীয় সরঞ্জামও তুলে দেওয়া হয়। বিধায়ক অনন্ত দেব অধিকারী এই উদ্যোগের প্রশংসা করেন। এদিন এক পুলিশকর্মীর কন্যাও প্রথমবার রক্তদান করে জানান, “রক্তদান জীবনদান। আমার রক্তে যদি কারও জীবন বাঁচে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকলেই।

