বীরপাড়া , ১১ জুলাই
অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা, সোনার গয়না উদ্ধার; গৃহপরিচারিকাসহ গ্রেফতার তিন
বীরপাড়া থানার পুলিশের তৎপরতায় অভিযোগ দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন এক গৃহপরিচারিকাও। দ্রুত তদন্তে সাফল্য পাওয়ায় পুলিশের ভূমিকাকে গুরুত্ব দিয়ে দেখছেন এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরপাড়ার বাসিন্দা প্রদ্যুৎ সরকার গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর বাড়ি থেকে প্রায় ৯.৫ গ্রাম ওজনের সোনার গয়না চুরি হয়েছে। তবে বাড়ির কোনও দরজা বা জানালা ভাঙার চিহ্ন না থাকায় ঘটনার নেপথ্যে পরিচিত কারও হাত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ হয়। সেই সূত্র ধরেই তদন্তে নামে বীরপাড়া থানার পুলিশ। তদন্তে উঠে আসে, বাড়িতে কাজ করা গৃহপরিচারিকা ললিতা সূত্রধরই চুরির ঘটনায় জড়িত। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরি হওয়া সমস্ত সোনার গয়না উদ্ধার হয়। পাশাপাশি চুরি করা গয়না লুকিয়ে রাখা ও কেনাবেচার অভিযোগে জয়ন্ত পাল এবং সুজিত বিশ্বাসশর্মাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই গোটা ঘটনার কিনারা করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত গয়না প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। ধৃত তিনজনকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

