শিলিগুড়ি , ১২ জুলাই
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে রবিবার নিষ্ঠা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবন্ধু পাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাবের খুঁটিপূজো অনুষ্ঠিত হলো।
আর মাত্র হাতে গোনা কয়েকদিন। তারপরই মা দুর্গার আগমনে উৎসবের আবহে মেতে উঠবে গোটা বাংলা। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এদিন ক্লাব প্রাঙ্গণে খুঁটিপূজোর আয়োজন করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের দুর্গাপুজোর প্রস্তুতি।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য-সদস্যাদের পাশাপাশি শহরের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে উৎসবের সূচনালগ্নে তৈরি হয় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ।
ক্লাবের উদ্যোক্তারা জানান, এবার তাদের পুজো ৪৫ তম বরসে পদার্পণ করল। প্রত্যেক বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় থিম ও নান্দনিক পূজামণ্ডপ তৈরি করা হবে। পুজোর সাজসজ্জা, আলোকসজ্জা এবং সার্বিক আয়োজনে নতুনত্বের ছোঁয়া থাকবে বলেও তারা আশাবাদী। তাঁদের বিশ্বাস, এবারের পূজাও দর্শকদের মন জয় করবে এবং শিলিগুড়ির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

