শিলিগুড়ি , ১২ জুলাই
বন্ধ চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া PF ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধে কড়া বার্তা দিল রাজ্য সরকার। শনিবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, যেসব চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং শ্রমিকদের প্রাপ্য PF ও গ্র্যাচুইটির টাকা বকেয়া রয়েছে, সংশ্লিষ্ট মালিকদের এক মাসের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চা বাগান খুলে শ্রমিকদের সমস্ত আইনসিদ্ধ পাওনা মিটিয়ে দিতে হবে। তা না হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতার ও আইনি পদক্ষেপও করা হতে পারে বলে স্পষ্ট জানান শ্রমমন্ত্রী।
এদিনের বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রথমে চা শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে এবং পরে চা বাগানের মালিকদের সঙ্গে পৃথক বৈঠক করেন শ্রমমন্ত্রী।
বৈঠক শেষে অর্জুন সিং বলেন, বন্ধ চা বাগান দ্রুত চালু করতে সরকার উদ্যোগী। একই সঙ্গে শ্রমিকদের প্রাপ্য PF, গ্র্যাচুইটি-সহ অন্যান্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে কোনও মালিকের প্রতিই ছাড় দেওয়া হবে না।
এছাড়াও তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে চা বাগানের জমি টি-ট্যুরিজম-সহ বিভিন্ন প্রকল্পের নামে অপব্যবহার হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

