জলপাইগুড়ি , ১৩ জুলাই
সম্মানিক ভাতা নিয়মিত প্রদানের দাবি এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় খরচ সরকারিভাবে বহনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আইসিডিএস (ICDS) কর্মীদের একাংশ।
সোমবার জলপাইগুড়ি জেলার প্রকল্প আধিকারিকের কার্যালয় চত্বরে সদর ও আরবান এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা জমায়েত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সম্মানিক ভাতা অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে। ফলে সংসার চালানোর পাশাপাশি কেন্দ্র পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
কর্মীদের দাবি, সরকার শিশুদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ করলেও রান্নার জন্য প্রয়োজনীয় সবজি ও অন্যান্য কিছু সামগ্রী নিজেদের পকেটের টাকা খরচ করে কিনতে হয়। অন্যদিকে, সম্মানিক ভাতাও কিস্তিতে এবং অনিয়মিতভাবে মেলে। এর ফলে কেন্দ্র পরিচালনার আর্থিক চাপ ক্রমশ বাড়ছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের বক্তব্য, এই পরিস্থিতিতে নিজেদের অর্থ ব্যয় করে দীর্ঘদিন কেন্দ্র চালিয়ে যাওয়া সম্ভব নয়। দ্রুত বকেয়া ও নিয়মিত সম্মানিক ভাতা প্রদান এবং কেন্দ্র পরিচালনার সমস্ত খরচ সরকারিভাবে বহনের ব্যবস্থা না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

