মাথাভাঙ্গা , ২১ জুলাই
মাথাভাঙ্গায় আত্মহত্যার চেষ্টার ঘটনায় নতুন মোড়। দীর্ঘদিন দলের জন্য কাজ করার পরও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে মানসাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা বিজেপি কর্মী জিতেন বর্মনের বাড়িতে পৌঁছালেন বিজেপি নেতৃত্ব। এদিন তাঁর পরিবারের হাতে চালের বস্তাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
উল্লেখ্য, সোমবার মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী জিতেন বর্মন মানসাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মাথাভাঙ্গা থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
জিতেন বর্মনের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে সক্রিয়ভাবে কাজ করলেও ব্যক্তিগত ও পারিবারিক সংকটের সময় দলীয় নেতৃত্বের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি। তাঁর দাবি, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য একাধিক নেতার কাছে সাহায্য চাইলেও সাড়া মেলেনি। এছাড়াও টানা ১২ বছর ভাড়া বাড়িতে বসবাস করেও কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি। বারবার আবেদন জানিয়েও কেউ খোঁজ নিতে না আসায় চরম মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে জানান।
ঘটনার খবর প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই মঙ্গলবার বিজেপি কোচবিহার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন এবং কোচবিহার জেলা কমিটির সদস্য শেখর রায় জিতেন বর্মনের বাড়িতে পৌঁছান। তাঁরা পরিবারের হাতে চালের বস্তাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
বিজেপি নেতৃত্বের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন জিতেন বর্মনও।
এ প্রসঙ্গে প্রশান্ত বর্মন জানান, এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নজরে বিষয়টি আসার পর তাঁর নির্দেশেই তাঁরা জিতেন বর্মনের বাড়িতে আসেন। তিনি বলেন, শুধুমাত্র তাৎক্ষণিক সহযোগিতাই নয়, আগামী দিনেও এই পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবে বিজেপি।

