জলপাইগুড়ি ,১৩ জুলাই
বাস্তুভিটা থেকে উচ্ছেদ নয়, আগে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে—এই দাবিতে সোমবার জেলাশাসকের দপ্তরে অভিযান চালাল রামনগর মজদুর বস্তি উচ্ছেদ বিরোধী নাগরিক কমিটি (ফুলবাড়ি–১)।
এদিন সংগঠনের উদ্যোগে জলপাইগুড়ি শহরের স্টেশন রোড থেকে একটি ধিক্কার মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফুলবাড়ি–১ গ্রাম পঞ্চায়েতের রামনগর মজদুর বস্তির বাসিন্দারা দীর্ঘ কয়েক দশক ধরে রেলের জমিতে বসবাস করছেন। বর্তমানে রেলের উন্নয়নমূলক প্রকল্পের জন্য তাঁদের উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পুনর্বাসনের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা না করেই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
আন্দোলনকারীদের দাবি, বিকল্প বাসস্থানের ব্যবস্থা ও উপযুক্ত পুনর্বাসন নিশ্চিত না করে কোনওভাবেই উচ্ছেদ অভিযান চালানো যাবে না। পুনর্বাসনের নিশ্চয়তা পাওয়ার পরেই উচ্ছেদ সংক্রান্ত যে কোনও পদক্ষেপ গ্রহণ করা হোক।
এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে জেলাশাসকের দপ্তর চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী।

