শিলিগুড়ি, ১৫ জুলাই
শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের আদলে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে প্রায় এক হাজার একর জমির ওপর একটি আধুনিক জু ও টাইগার সাফারি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। বুধবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা করেন।
এদিন বনমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং বন দপ্তরের একাধিক আধিকারিক। পার্কের বিভিন্ন পরিকাঠামো, বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তাঁরা।
পরিদর্শন শেষে বনমন্ত্রী বলেন, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয়। তবে পর্যাপ্ত প্রচারের অভাবে এতদিন পার্কটি তার প্রাপ্য গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, সম্প্রতি পার্কে আনা সিংহগুলিকে খুব শীঘ্রই নির্দিষ্ট এনক্লোজারে রাখা হবে, ফলে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। পাশাপাশি তিনি বলেন, বেঙ্গল সাফারিতে বন্যপ্রাণীর সফল প্রজনন হচ্ছে এবং ভবিষ্যতে ঝাড়গ্রামের নতুন টাইগার সাফারির জন্য প্রয়োজনীয় বাঘ-সহ অন্যান্য বন্যপ্রাণী এখান থেকেই সরবরাহ করা হবে।
এদিন বন দপ্তরের জনবল সংকটের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মনোজ ওঁরাও। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় বন দপ্তরের প্রায় ৮০ থেকে ৮৭ শতাংশ পদ শূন্য রয়েছে। তবে বনাঞ্চল সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে দ্রুত শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

