শিলিগুড়ি , ২৫ জুলাই
পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। শনিবার সকালে দেশবন্ধুপাড়ার ২৭ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে অভিযান চালিয়ে পার্কিং এলাকায় নির্মিত একাধিক দোকান ভেঙে ফেলা হয়।
জানা গিয়েছে, আবাসন নির্মাণের সময় প্রোমোটার পার্কিংয়ের নির্ধারিত স্থানেই দোকানঘর তৈরি করে সেগুলি বিক্রি করে দেন। পরবর্তীতে ওই দোকানগুলিতে স্যালুন-সহ বিভিন্ন ব্যবসা চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুরনিগম তদন্তে নামে। তদন্তে অনিয়মের প্রমাণ মেলার পর সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হলেও অবৈধ নির্মাণ সরানো হয়নি।
এরপর শনিবার পুরনিগমের এনফোর্সমেন্ট বিভাগের উপস্থিতিতে বুলডোজার দিয়ে অবৈধ দোকানগুলি ভেঙে দেওয়া হয়। অভিযানের সময় দোকান মালিকদের একাংশ ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, তাঁরা বৈধভাবেই দোকান কিনেছিলেন। একই সঙ্গে গোটা ঘটনার জন্য দায়ী প্রোমোটারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তাঁরা।

