শিলিগুড়ি, ২৩ মে :
শহরের যানজট কমানো ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বর্ধমান রোডে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালাল জলপাই মোড় ট্রাফিক গার্ড। শনিবার সকালে ট্রাফিক পুলিশের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান, অবৈধ স্টল ও বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী ও হকারদের সতর্ক করে জানানো হয়, ফুটপাত পথচারীদের জন্য নির্দিষ্ট, তাই সেখানে কোনওভাবেই দখলদারি বরদাস্ত করা হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই বর্ধমান রোডের বিভিন্ন অংশে ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ মানুষকে রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছিল। ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। পুলিশের এই উদ্যোগে খুশি শহরবাসী।
জলপাই মোড় ট্রাফিক গার্ডের কর্তারা জানান, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আগামী দিনেও এ ধরনের দখলমুক্ত অভিযান চলবে। পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতার আবেদনও জানানো হয়।

