কোচবিহার , ১২ জুন
শহরে ক্রমবর্ধমান ই-রিকশা ও টোটোর সংখ্যা যানজটের অন্যতম কারণ হয়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত রাস্তায় নিত্যদিনই তৈরি হচ্ছে তীব্র যানজট, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
এই পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী এবং বেআইনিভাবে যাত্রী পরিবহনকারী ই-রিকশা ও টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের যানজট নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে প্রায় ৩০টি টোটো বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি একাধিক চালকের বিরুদ্ধে জরিমানাও করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে শৃঙ্খলাবদ্ধ যান চলাচল বজায় রাখতে এবং যানজট কমাতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসীর একাংশ। তাঁদের আশা, নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে কোচবিহার শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

