কোচবিহার ,২৫ জুলাই
গোটা দেশের পাশাপাশি কোচবিহারেও রাজপথে নেমেছিল ছাত্র-যুব সমাজ। শনিবার কোচবিহারের ক্ষুদিরাম স্কয়ারের সামনে থেকে শুরু হয় তাদের বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।
বিক্ষোভ চলাকালীনই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর ছড়িয়ে পড়ে। সেই খবর সামনে আসতেই আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন।
আন্দোলনকারীদের বক্তব্য, যদি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর সত্যি হয়ে থাকে, তবে তাঁদের আন্দোলন সফল হয়েছে বলেই তাঁরা মনে করছেন। তাঁদের দাবি, ছাত্র-যুব সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে বড় পরিবর্তন আনা সম্ভব—এই ঘটনাই তার প্রমাণ।
তাঁরা আরও জানান, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করা হবে।

