কোচবিহার , ২৭ জুলাই
কোচবিহার পৌরসভার প্রশাসনিক দায়িত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সোমবার আনুষ্ঠানিকভাবে কোচবিহার পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন সদর মহকুমা শাসক (এসডিও) গোবিন্দ নন্দী। দায়িত্বভার গ্রহণের আগে জেলা শাসক জিতিন যাদবের উপস্থিতিতে পৌরসভার আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভার চলমান উন্নয়নমূলক প্রকল্প, নাগরিক পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন গোবিন্দ নন্দী। নতুন দায়িত্ব গ্রহণের পর তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান পৌরসভার আধিকারিক ও কর্মীরা। নতুন প্রশাসনিক নেতৃত্বের অধীনে পৌরসভার কাজ আরও গতিশীল হবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।

