মাথাভাঙ্গা ,২৭ জুলাই
মাথাভাঙ্গায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং দলীয় কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদে সোমবার ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
এদিনের ধিক্কার মিছিলটি মাথাভাঙ্গা শহরের ৩ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকা থেকে শুরু হয়ে মাথাভাঙ্গা বাজার-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় থানা পাড়ায় এসে শেষ হয়। মিছিলে এসইউসিআই (কমিউনিস্ট) দলের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত শনিবার মাথাভাঙ্গা শহরের ৩ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকায় অবস্থিত এসইউসিআই (কমিউনিস্ট) দলের দলীয় কার্যালয়ে প্রকাশ্যে হামলা, ভাঙচুর এবং দলীয় কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে এসইউসিআই নেতৃত্ব। যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছিল।
ধিক্কার মিছিল প্রসঙ্গে এসইউসিআই নেতা প্রদীপ দে জানান, গত শনিবার তিনি ও লক্ষণ রায় দলীয় কার্যালয়ে বসেছিলেন। সেই সময় আচমকাই একদল বিজেপি কর্মী সেখানে এসে হামলা চালায়, ভাঙচুর করে এবং তাদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এই ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মাথাভাঙ্গাতেও ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

