মাথাভাঙ্গা ১৫ মে
মাথাভাঙ্গার পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত কৃষক বাজার দখলমুক্ত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ।বুলডোজার নামিয়ে ভেঙে ফেলা হল মাথাভাঙ্গা ১ ব্লক কৃষক বাজারের একাধিক অবৈধ দোকানঘর। উল্লেখ্য যে,দু’দিন আগেই কৃষক বাজার পরিদর্শনে এসে কোচবিহারের জেলা শাসক জীতিন যাদব বাজার চত্বরে থাকা অবৈধ দখল সরাতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। প্রশাসনের নির্দেশের পর অনেক দোকান মালিক স্বেচ্ছায় নিজেদের দোকান সরিয়ে নিলেও, বেশ কয়েকজন সেই নির্দেশ মানেননি।
শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে অবৈধ দোকান ঘরগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালীন কয়েকজন দোকান মালিককে তড়িঘড়ি দোকান খুলে মালপত্র সরাতেও দেখা যায়। গোটা অভিযানে উপস্থিত ছিল প্রশাসনের আধিকারিক ও পুলিশকর্মীরা। প্রশাসনের দাবি, কৃষক বাজারকে দখলমুক্ত করতে ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই অভিযান চালানো হয়েছে।

