মাথাভাঙ্গা, ৭ জানুয়ারী :
রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ মাথাভাঙ্গাতে। এদিন এই বিক্ষোভ দেখানো হয় মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কের ডাংকোবা এলাকায়। জানা গেছে পথশ্রী প্রকল্পে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রাস্তা পেলেও পচাগড় গ্রাম পঞ্চায়েত পায়নি একটিও রাস্তা। তাই রাস্তার দাবীতে এদিন মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এলাকাবাসীরা জানান ডাংকোবা এলাকায় গ্যাস গোডাউনের পাশে রাস্তাটি এতটাই বেহাল হয়ে রয়েছে যে বর্তমান সময়েও চলাচলের অযোগ্য। বারংবার প্রতিশ্রুতি দিলেও মেলেনি রাস্তা,তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন।
এদিন গ্রামবাসীদের পাশাপাশি পথ অবরোধে সামিল হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও।
স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি এলাকার বাসিন্দারা রাস্তার দাবি নিয়ে তাদের কাছে যায় কিন্তু তারা গ্রামবাসীদের কোনো সদুত্তর দিতে পারছেন না কারন দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত রাস্তার কোনো কাজ হয়নি। তাই স্থানীয় বাসিন্দাদের সাথে তারাও অবরোধে সামিল হয়েছেন।
এদিকে এই বিষয়ে পচাগর গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তী বর্মন জানান যেহেতু রাস্তাটি অর্ধেকটাই বড়ো তাই গ্রাম পঞ্চায়েত থেকে এই রাস্তা করা সম্ভব নয়। তবে আগামীদিনে এই রাস্তার কাজও করা হবে।

