আলিপুরদুয়ার , ২৯ জুলাই
নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার ‘মা আহার’ ক্যান্টিনের খাবারের মেনুতে পরিবর্তন আনল। বুধবার ‘গুরু পূর্ণিমা’-র পবিত্র দিনে আলিপুরদুয়ারের মা আহার ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে চালু হল ৫ টাকায় ‘মাছ-ভাত’ পরিষেবা।
দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস। নতুন পরিষেবার সূচনার পর থেকেই ক্যান্টিনে মাছ-ভাত খেতে ভিড় করেন বহু সাধারণ মানুষ। দীর্ঘদিন পর স্বল্পমূল্যে মাছ-ভাতের ব্যবস্থা হওয়ায় খুশি ক্যান্টিনের উপভোক্তারা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু মাছ-ভাতই নয়, মা আহার ক্যান্টিনের সাপ্তাহিক খাবারের তালিকাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সপ্তাহে দু’দিন মাছ-ভাত, তিন দিন ডিম-ভাত এবং বাকি দু’দিন নিরামিষ ভাত পরিবেশন করবে আলিপুরদুয়ার পৌরসভা। এর ফলে উপভোক্তারা সপ্তাহজুড়ে বৈচিত্র্যময় খাবারের সুযোগ পাবেন।
এদিন ক্যান্টিনে খাবার খেতে আসা অনেকেই জানান, মাত্র ৫ টাকায় মাছ-ভাত পাওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। নতুন মেনু চালু হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই পরিষেবা নিয়মিত চালু রাখার দাবি জানান।

