মাথাভাঙ্গা , ২৮ জুলাই
মাথাভাঙ্গার মেলারডাঙ্গা এলাকায় বিজেপির এক পঞ্চায়েত ওসদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত যুবক টোটন রায় বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ, স্থানীয় এক বাসিন্দার লেবু গাছের ডাল রাস্তার উপর চলে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপির পঞ্চায়েত সদস্য কবিতা রায় গাছটি ছেঁটে ফেলার কথা বললে অভিযুক্ত তৃণমূল কর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর পঞ্চায়েত সদস্যের ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে গেলে পঞ্চায়েত সদস্যের ছেলে টোটন রায় প্রতিবাদ করেন। অভিযোগ, তখনই অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে টোটন রায়কে কোপান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর বিজেপির পঞ্চায়েত সদস্য কবিতা রায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে।
তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।L

