জলপাইগুড়ি ,৪ জুলাই
আধার কার্ডের আপডেট ও বিভিন্ন তথ্য সংশোধনের জন্য টোকেন (কুপন) সংগ্রহ করতে এসে চরম ভোগান্তি উপভোক্তাদের । শনিবার সকাল থেকে জলপাইগুড়ির বড় পোস্ট অফিসে টোকেন সংগ্রহকে কেন্দ্র করে উপভোক্তাদের দীর্ঘ লাইন তৈরি হয়। সেই লাইন বড় পোস্ট অফিস চত্বর ছাড়িয়ে গান্ধীমোড় পেরিয়ে ক্লাবরোড পর্যন্ত পৌঁছে যায়। এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আধার সংক্রান্ত কাজের টোকেন সংগ্রহ করতে সেখানে ভিড় জমান। প্রচণ্ড গরমের মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় চরম দুর্ভোগের শিকার হন তাঁরা। অনেকেই শুক্রবার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন, আবার অনেকে শনিবার ভোর থেকে টোকেনের আশায় অপেক্ষা করেন।
উপভোক্তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও কখন টোকেন মিলবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। লাইনে বিপুল সংখ্যক মহিলা ও সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজলভ্য করা এবং টোকেনের সংখ্যা বৃদ্ধি করা হোক, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষকে এভাবে ভোগান্তির শিকার হতে না হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশের উপস্থিতিতে সুষ্ঠুভাবে টোকেন বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

